দায়িত্ব পালনে আন্তরিক হতে হবে : এমপি বাদল
নব-নির্বাচিত কাউন্সিলরদের কাছে জনগণ অনেক কিছু প্রত্যাশা করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। যাতে জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা পায়। রোববার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাঈনুদ্দিন খান বাদল এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, জনপ্রতিনিধিদের মনে রাখতে হবে শুধু নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায়নি। নির্বাচিত হওয়া মানে আগামী পাঁচ বছরের গুরু দায়িত্ব শুরু হয়। আর এ দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে চূড়ান্তভাবে পরীক্ষায় উর্ত্তীণ হয়ে আগামী নির্বাচনে আবারো জনগণ তাদেরকে মনোনয়ন করতে বাধ্য হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের বহুমুখি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নব-নির্বাচিত কাউন্সিলরসহ সকল জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আরো আন্তরিক হতে হবে।
পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে স্থানীয় রিদম স্কয়ার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনায় কর্পোরেশনের ৪১ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চান্দগাঁও থানা আওয়ামী লীগের আহ্বাবায়ক নুরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শহীদুল আলম, ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান প্রমুখ।
বিএ/আরআইপি