বরিশালে বেঞ্চচাপায় শিশুর মৃত্যু
বরিশালের উজিরপুর উপজেলার পরমানন্দ সাহা এলাকায় সিমেন্টের তৈরি বেঞ্চের নিচে চাপা পড়ে তপু ঢালী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তপুকে মৃত ঘোষণা করেন। তপু ওই এলাকার আজাদ ঢালীর ছেলে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল কালাম স্বজনদের বরাত দিয়ে জানান, বেলা ১১টার দিকে বাড়ির সামনে সিমেন্টের তৈরি বেঞ্চ ধরে ঝুলে খেলছিল তপু। খেলতে খেলতে হঠাৎ বেঞ্চ উল্টে তার নিচে চাপা পড়ে সে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তপুকে মৃত ঘোষণা করেন।
সাইফ আমীন/এসএস/আরআই/এসআরজে