রাজশাহীতে প্রাইভেটকারের ধাক্কায় ১ জন নিহত : আহত ২


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ২৪ জুন ২০১৫

রাজশাহীতে প্রাইভেটকারের ধাক্কায় মঞ্জুর হোসেন (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় অপর দুই রিকশাচালককে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নগরীর পলাশডাঙ্গা এলাকার মৃত আসিম উদ্দিনের ছেলে লালু (৩০) ও শ্রীরামপুর এলাকার মৃত আহাদ আলীর ছেলে আয়নাল (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে নগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকায় একটি ঘিয়া রঙের প্রাইভেটকার বেপরোয়া গতিতে রাস্তার এক ধারে দাঁড়িয়ে থাকা ৩টি রিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রিকশাচালক মঞ্জুর ঘটনাস্থলে নিহত হন। আর অপর ২ রিকশাচালককে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জাগো নিউজকে জানান, এ ঘটনায় জড়িত প্রাইভেটকারটিকে চালকসহ আটকের চেষ্টা চলছে। আর দুর্ঘটনার আলামত হিসেবে ভাঙ্গা রিকশাগুলোকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করবে নিহতের পরিবার বলেও জানান ওই কর্মকর্তা।

শাহরিয়ার অনতু/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।