সিলেটে প্রবাসীর বাড়িতে ডাকাতি
সিলেটে ককটেল ফাটিয়ে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রবাসীর পরিবারের সদস্যদের গলায় দা ধরে স্বর্ণালঙ্কারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে সিলেট সদর উপজেলার লামাকাজি পূর্বপাড় তালুকপাড়ায় যুক্তরাজ্য প্রবাসী আবদুল গণির বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আবদুল গণি জানান, ১০-১২ জনের একটি ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তিনিসহ তার স্ত্রী ও মায়ের গলায় দা ধরে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে আলমারিতে রাখা নগদ লাখ টাকা, প্রাইজবন্ড, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল সেটসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। পালানোর সময় ডাকাতরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়।
জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ছামির মাহমুদ/এসএস/আরআই