সিসিকের সাবেক মেয়র ও ছেলের সাক্ষ্যগ্রহণ


প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৪ জুন ২০১৫

সিলেট নগরের তালতলাস্থ গুলশান হোটেলে গ্রেনেড হামলার মামলায় সাক্ষ্য দিলেন সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও তার ছেলে ডা. আরমান আহমদ শিপলু।

বুধবার দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে কামরান ও শিপলু ছাড়াও সাক্ষ্য দেন হোটেল গুলশানের ব্যবস্থাপক প্রতাপ চন্দ্র পাল।  এ নিয়ে মামলায় মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হযেছে।  কামরানসহ তিনজনের স্বাক্ষ্যগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাড. ইশতিয়াক আহমদ চৌধুরী।

আদালতের বিচারক ইফতেখার বিন আজিজ স্বাক্ষ্যগ্রহণ শেষে আগামী ১ জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালের ৭ আগস্ট হোটেল গুলশানে মহানগর আওয়ামী লীগের সভা শেষে নেতাকর্মীরা বের হয়ে যাওয়ার সময় গ্রেনেড হামলা চালানো হয়।  হামলায় নিহত হন মহানগর আওয়ামী লীগের তৎকালীন প্রচার সম্পাদক মো. ইব্রাহিম।  এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (তৎকালীন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

সে সময় আহতদের দেখতে তৎকালীন বিরোধী দলে থাকা আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে ছুটে আসেন এবং আহতদের শান্ত না দিয়ে হামলাকারীদের বিচার একদিন বাঙলার মাটিতে হবে বলে আশ্বস্থ করেছিলেন।  সেই গ্রেনেড হামলার দীর্ঘ আট বছর পর এর বিচার শুরু হয়েছে।  বিস্ফোরণের কিছুক্ষণ আগে হোটেল চত্বর ত্যাগ করায় বেঁচে যান মহানগর আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

এ ঘটনায় সিলেট কোতোয়ালী থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে ওই মামলায় মুফতি হান্নানসহ কয়েকজন জঙ্গি কারাগারে রয়েছেন।

মামলার মোট ৪০ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজসহ ১২ জন সাক্ষ্য দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন জসিম উদ্দিন আহমেদ, মাসুক উদ্দিন ও ইশতিয়াক আহমদ চৌধুরী।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।