রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৈশপ্রহরী নিহত


প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৪ জুন ২০১৫

রংপুরের কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (৩২) নামে এক নৈশপ্রহরী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার পল্লী বিদ্যুতের ১১ কেভি সাব স্টেশনের লাইন বন্ধ করতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন। নিহত মাসুদ নাটোরের নলডাঙ্গা উপজেলার মাঝদিঘী মির্জাপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে। তিনি সাব স্টেশনের পাশে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন অফিসের নৈশপ্রহরী পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকাল ৬টার পর থেকে কাউনিয়া পল্লী বিদ্যুতের সাব স্টেশনে কোনো লাইনম্যান দায়িত্বে নিয়োজিত না থাকায় মাসুদ সকাল সাড়ে ৭টার দিকে বিদ্যুতের লাইন বন্ধ করতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাসুদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতলের ফরেনসিক বিভাগে পাঠিয়ে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কাউনিয়া জোনাল অফিসের ডিজিএম হাদিউজ্জামান জাগো নিউজকে বলেন, সকাল ৬টার পর থেকে মিজান নামে এক লাইনম্যান দায়িত্ব পালন করার কথা ছিল। বৃষ্টি থাকায় ওই শিফটে মিজান কাজে যোগদান করতে যাননি। এ কারণে মাসুদ লাইন বন্ধ করতে যেতে পারেন।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জাগো নিউজকে জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।