চট্টগ্রামে পাহাড়ের নীচ থেকে বসবাসকারীদের সরে যেতে মাইকিং


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৪ জুন ২০১৫

চট্টগ্রামে পাহাড়ের নীচ থেকে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। টানা তিনদিনের বৃষ্টিতে পাহাড় ধসের আশংকায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুর থেকে নগরীর আকবর শাহ, শাপলা আবাসিক এলাকা, বিশ্বকলোনি, ফারুক চৌধুরী মাঠ, টাইগার পাস, লালখান বাজার মতিঝর্ণা, বাটালি হিল, বায়েজিদসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় মাইকিং শুরু করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভির আরাফাত বলেন, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ মাইকিং করছে। এর বাইরে আলাদাভাবে মাইকিং করার জন্য খুলশি, বায়েজিদ বোস্তামি, আকবর শাহ থানাকে পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন।

জানা যায়, নগরীর লালখান বাজার, টাইগারপাস, সিআরবি, মতিঝর্ণা, ফয়’স লেক, আকবর শাহ, বায়েজিদ এলাকায় মোট ১৩টি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে। এসব পাহাড়ের অধিকাংশেরই মালিক রেলওয়ে, ওয়াসা, সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান।

২০০৭ সালের জুনে অতি বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরী ও আশপাশের এলাকায় পাহাড় ও ভূমিধসে ১২৭ জনের মৃত্যু হয়।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।