কয়রায় ট্রলার শ্রমিক অপহৃত
খুলনার কয়রায় তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে সাইফুল ইসলাম (৩২) নামে এক ট্রলার শ্রমিককে অপহরণ করেছে বনদস্যুরা। বুধবার ভোর রাতে তাকে অপহরণ করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, ভোর রাতে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ইমদাদ বাহিনীর প্রধান ইমদাদের নেতৃত্বে সাত দস্যু উপজেলার সদর ইউনিয়নের শাকবাড়িয়া নদীর ৬নং কয়রা (পিচ রাস্তার মাথা) লঞ্চ ঘাটে ইটবোঝাই একটি ট্রলারে (মিনি কার্গো) হামলা চালায়। এ সময় বনদস্যুরা ট্রলারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তিনটা মোবাইল সেট ও ট্রলার শ্রমিক সাইফুলকে তুলে নিয়ে সুন্দরবনে চলে যায়। যাওয়ার সময় বনদস্যুরা ট্রলারে থাকা অন্য লোকজনের নিকট তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
গত দু`দিন আগে ভাড়ায় চালিত একটি ট্রলার কয়রা গ্রামীন প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের ইট নিয়ে খুলনা থেকে কয়রায় পৌঁছে। অপহৃত সাইফুল ইসলামের বাড়ি খুলনায় বলে জানা যায়।
আলমগীর হান্নান/এআরএ/আরআইপি