বোয়ালখালীর ভেঙে পড়া সেতুর মেরামত সম্পন্ন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বঙ্গুরা সেতুটি মেরামত করা হয়েছে। সেতু ভেঙে তেলবাহী ওয়াগন খালে পড়ে যাওয়ার সাতদিনের মাথায় মেরামত করা হলো সেতুটি। বুধবার বিকেলে সেতু দিয়ে ট্রেনের একটি ইঞ্জিন পরীক্ষামূলক পাড় করানো হয়। তবে এখনো উত্তোলন করা সম্ভব হয়নি ডুবে যাওয়া ওয়াগন।
বুধবার সকালের দিকে সেতুটির মেরামত কাজ সম্পন্ন হয়। দুপুর ৩টার দিকে পরীক্ষামূলকভাবে একটি ইঞ্জিন ওই সেতু দিয়ে চালানো হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দীর্ঘ চেষ্টার পর বুধবার সকালে ২৪ নম্বর রেল সেতুটি সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। যদি সব কিছু ঠিক থাকে, তাহলে খালে পড়ে যাওয়া ইঞ্জিন উদ্ধারের কাজ বৃহস্পতিবার থেকে শুরু হবে।’
উল্লেখ্য, শুক্রবার দুপুরে বোয়ালখালী সেতুর তেলবাহী ওয়াগন খালে পড়ে ইঞ্জিন ও তিনটি তেল ট্যাংকার খালে পড়ে যায়। এতে করে চট্টগ্রাম-দোহাজারী রেলপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিএ/আরআই