রাজশাহীতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
রাজশাহী নগরীর পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফার ইয়াসমিনের নেতৃত্বে নগরীর বিসিক ও কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিসিক এলাকার বিশাল ফুড কারখানায় অপরিচ্ছন্ন অবস্থায় সেমাই তৈরি এবং বিএসটিআই`র অনুমোদন ছাড়া চানাচুরসহ বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই এলাকায় একই অপরাধে চানাচুর তৈরির জন্য কারখানার মালিক মুনসুর রহমানকে পাঁচ হাজার টাকা, সেমাই তৈরির মেশিন ছাড়াই পা দিয়ে সেমাই তেরির অপরাধে কারখানার মালিক অলক সরকারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বিকেলের দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় তরিকুল ইসলামের হোটেলে পঁচা খাবার রাখা, নোংরা পরিবেশে খাবার তৈরি এবং খোলা অবস্থায় খাবার রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওই এলাকায় খোলা অবস্থায় ইফতারি রাখার অপরাধে দোকানের মালিক রিয়াজকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে র্যাবের একটি দল অংশ নেয়।
নিলুফার ইয়ামিন জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি