বিএনপি একটা এলোমেলো পার্টি : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একটা এলোমেলো পার্টি। তাদের বুদ্ধিজীবী জাফরুল্লাহ চৌধুরীরাই বলেন- বিএনপি মাজাভাঙা, বিশৃঙ্খল দল। এই দলের একেক নেতা একেক সময় একেক রকম বলেন।
শনিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় সেতুমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি আগামী নির্বাচনে আসবে, সেটা আমরা জানি। যে কোনো পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে আসবে। নির্বাচনে না এলে তাদের পরিণতি মুসলিম লীগের মতো সঙ্কুচিত হবে।
ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরের পাশে বাসে অগ্নিসংযোগের জন্য বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলকে দায়ী করে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া ফেরার সময় শ্রমিক দল আর তাদের দলের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে দাঁড়িয়েছিল। আমাদের কোনো লোক ওখানে ছিল না। তাহলে বুঝে নেন, কারা আগুন দিয়েছে।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের এদেশে ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই। যারা ১৫ আগস্ট, ৩ নভেম্বর পালন করে না তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না।
আনোয়ারা উপজেলা ও কর্ণফুলি উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় আরও বক্তব্য দেন প্রয়াত আখতারুজ্জামান বাবুর ছেলে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
আরএআর/এমএস