সন্তানকে হত্যার পর ব্রিজের নিচে ফেললেন বাবা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৮ নভেম্বর ২০১৭

নিখোঁজের ২০ দিন পর গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকা থেকে ফাহিম (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে ওই এলাকার বাইমাইল ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ফাহিম চাঁদপুরের ছেঙ্গারচর থানার মাইচকান্দি এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় একই এলাকার নজরুল ইসলামের ছেলে শিশুর পালিত বাবা সোহাগকে (৩১) আটক করেছে পুলিশ।

কালিয়াকৈর থানা পুলিশের এসআই মো. আতিকুর রহমান রাসেল জানান, গত আড়াই বছর আগে ফাহিমের বাবা ময়েজ উদ্দিন ও মা ফারজানার (২৬) বিচ্ছেদ ঘটে। পরে চাঁদপুরের ছেঙ্গারচর থানার মাইচকান্দি এলাকার নজরুল ইসলামের ছেলে সোহাগের সঙ্গে প্রেমের সর্ম্পক করে বিয়ে হয় ফারজানার।

একপর্যায়ে সোহাগ ও ফারজানা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় ফাহিমকে নিয়ে বাসা ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।

কয়েক মাস ধরে সোহাগ চাকরি বাদ দিয়ে বেকার ছিলেন। একপর্যায়ে গত ২৯ অক্টোবর ফারজানা কাজের উদ্দেশ্যে কারখানায় চলে যায়। এ সুযোগে সোহাগ বাসা থেকে ফাহিমকে নিয়ে হত্যা করে মরদেহ বাইমাইল এলাকায় ব্রিজের নিচে ফেলে পালিয়ে যান।

পরে তাদের খোঁজাখুঁজির করে না পেয়ে ফাহিমের মা ফারজানা কালিয়াকৈর থানা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ খোঁজাখুঁজি করে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে সোহাগকে আটক করে।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে ফাহিমকে হত্যার বিষয়টি স্বীকার করে। তার তথ্যের ভিত্তিতে বাইমাইল ব্রিজের নিচ থেকে ফাহিমের গলিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কালিয়াকৈর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।