‘মাদরাসা শিক্ষার আধুনিকায়নে সরকারের ভূমিকা অনস্বীকার্য’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:১১ পিএম, ৩০ নভেম্বর ২০১৭

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন একটি সুশৃঙ্খল, দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠীর সংগঠন। তারা ইসলামের লেবাসে হঠকারি রাজনীতি করছেন না, কোনো অপশক্তির ছত্রছায়ায় লালিত হচ্ছেন না।

তিনি বলেন, দিন দিন মাদরাসা শিক্ষকদের সম্মান বেড়েই চলছে। মাদরাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে বর্তমান সরকারের ভূমিকা অনস্বীকার্য। দেশের চলমান উন্নয়নের জোয়ারে তাদেরও অংশগ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকারা দরবার শরিফের দারুস সুন্নাত নেছারিয়া কামিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিত জমিয়াতুল মোদার্রেছিন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সরকার মাদরাসা শিক্ষার মানোন্নয়নে মাদরাসা শিক্ষা অধিদফতর, শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তিসহ নানামুখী পদক্ষেপ নিয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে ৪১৩ কোটি টাকার প্রকল্প ইতোমধ্যে একনেক সভায় পাস হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে আধুনিক শিক্ষার সঙ্গে সমন্বয় রেখে মাদরাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ হবে। মাদরাসা শিক্ষায় অধিক দক্ষ ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনবল সৃষ্টি হবে।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন কুমিল্লা জেলা সভাপতি ও নাঙ্গলকোট মৌকারা দরবার শরিফের পীর মাওলানা শাহ মোহাম্মদ নেছার উদ্দীন ওয়ালি উল্লাহ’র সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলার বরুড়া আসনের সাবেক এমপি নাসিমুল আলম চৌধুরী, জমিয়াতুল মোদার্রেছিন কেন্দ্রীয় সভাপতি এএমএম বাহাউদ্দিন, মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মোমতাজি ও নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালু প্রমুখ।

মো. কামাল উদ্দিন/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।