কুমিল্লায় যুবদল-ছাত্রদলের ৬ নেতা কারাগারে
কুমিল্লায় পৃথক অভিযানে মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবুসহ যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার গভীর রাতে কুমিল্লা মহানগর, জেলার বুড়িচং ও লাকসামে অভিযান চালিয়ে র্যাব, ডিবি ও থানা পুলিশ তাদের গ্রেফতার করে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে যুবদল ও ছাত্রদল নেতাদের গ্রেফতারের প্রতিবাদে রোববার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু ও ছাত্রদল নেতা শরীফকে গ্রেফতার করে।
ডিবির ওসি এ কে এম মনজুর আলম জানান, যুবদল নেতা আবুকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি মোতাবেক নগরীর ঠাকুরপাড়ার বাসায় অভিযান চালিয়ে ১টি এলজি ও ১টি বুলেট উদ্ধার করা হয়েছে।
একই রাতে বুড়িচংয়ের আরাগ আনন্দপুর এলাকা থেকে থানা পুলিশ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু নাসের এবং একই উপজেলার আগানগর বাজার থেকে র্যাবের একটি দল উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবদুল আলীমকে ১টি রিভলবার ও ৭টি হাতবোমাসহ গ্রেফতার করে। এছাড়া জেলার লাকসাম থানা পুলিশ উপজেলা ছাত্রদলের একাংশের সভাপতি আবু সাঈদসহ ২ জনকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রেফতারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, অস্ত্র, বিস্ফোরক ও নাশকতা পরিকল্পনার অভিযোগে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। তাদের রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম