মাগুরায় জমে উঠেছে গরম কাপড়ের বেচাকেনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৮ জানুয়ারি ২০১৮

দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে মাগুরায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম অসুবিধায়। ঘনকুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জমে উঠেছে ফুটপাত ও হকার মার্কেটে গরম কাপড়ের বেচাকেনা।

শহরের হকার মার্কেট ও অস্থায়ী ফুটপাতের দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। সোয়েটার, জ্যাকেট, শাল, টুপি, টাইস, হাতমোজা ও কানটুপির দোকানেই বেশি ভিড় দেখা গেছে। এসব কাপড়ের দোকান থেকে কমদামে পছন্দসই শীতের কাপড় কিনতে পেরে বেজায় খুশি ক্রেতারা।

বিক্রি ভালো হওয়ায় শহরের পোস্ট অফিস রোড ও থানার সামনে গরম কাপড়ের অস্থায়ী দোকান গতবারের তুলনায় বেড়েছে। প্রত্যেক দোকানি প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার টাকা বিক্রি করছেন।

মাগুরা জেলা বণিক সমিতির আহ্বায়ক হুমায়ুন কবির রাজা জাগো নিউজকে বলেন, শীত জেঁকে বসার সঙ্গে সঙ্গে গরম কাপড়ের চাহিদা বাড়ছে। এ বছর প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার গরম কাপড় বেচা-বিক্রি হবে বলে আশা করছেন তিনি।

তবে গতবারের তুলনায় এ বছর গরম কাপড়ের দাম বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

এদিকে শীতের প্রকোপে নাজেহাল হয়ে পড়েছেন বৃদ্ধ ও শিশুরা। ডায়রিয়া, এআরআই ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অনেক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস জাগো নিউজকে জানান, এই শীতে আনেক বেশি শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আজ সকাল ১১টা পর্যন্ত ১০টি বেডের বিপরীতে ৬৫ জন শিশু ভর্তি আছে।

তিনি ঠাণ্ডাজনিত রোগ থেকে বাঁচার জন্য শিশুদের ঘর থেকে বের না করার পরামর্শ দেন। এছাড়া গরম খাবার খাওয়ানোর প্রতিও গুরুত্ব দেন এই চিকিৎসক।

মো. আরাফাত হোসেন/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।