সোনারগাঁয়ে দুটি হত্যার বিচারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২১ জানুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোহাম্মদ আলী ও সুলতান আহম্মেদ মিন্টু হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

রোববার দুপুরে মোহাম্মদ আলীর স্বজনেরা পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকায় ও মিন্টুর স্বজনরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে নিহত মোহাম্মদ আলীর মা শিউলি বেগম, স্ত্রী রুনা আক্তার, মামা পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন, হারুন-অর-রশিদ, নুরুল ইসলাম, হাজী সামসুদ্দিন, গোফরান সরকার, হাজী সামসুল হক, হাজী মোতালেব, রোমান মিয়া, মজিবুর রহমান, সেন্টু মিয়া ও মাসুম বক্তব্য রাখেন।

মানববন্ধনে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিহত মোহাম্মদ আলীর মামা জাকির হোসেন বলেন, আমার ভাগিনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মোশারফ মেম্বার ও তার বাহিনী কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। সরকারের কাছে আমার ভাগিনার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি সোনারগাঁ থানা হয়ে সোনারগাঁ উপজেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় সোনারগাঁও থানা পুলিশের ওসি মোরশেদ আলম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহল আমিন লিমন হত্যারকারীদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়।

শাহাদাত হোসেন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।