বেড়িবাঁধ রক্ষার পাঁচ হাজার চারা ভেঙে দিল দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৮

কক্সবাজারের পেকুয়া বেড়িবাঁধ রক্ষায় প্রায় পাঁচ হাজার গাছের চারা উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভেস্তে গেছে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রক্ষার দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

শনিবার ভোররাতে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা হাসের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এতে আগামী বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে পেকুয়া সদরের অন্তত পাঁচটিরও বেশি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, মাতামুহুরি নদীর পাহাড়ি ঢলে প্রতি বর্ষা মৌসুমে মেহেরনামা এলাকার ঝুঁকিপূর্ণ এসব বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে ব্যাপক এলাকা প্লাবিত হয়। সরকারিভাবে সংস্কার করা হলেও অবস্থানগত কারণে প্রতি বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বেড়িবাঁধের এসব অংশ। এ পরিস্থিতি থেকে উত্তরণে এগিয়ে আসেন স্থানীয় কিছু যুবক। তাদের সংগঠন (মেহেরনামা যুব উন্নয়ন সংস্থা) বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ এসব অংশে বিভিন্ন জাতের বৃক্ষের প্রায় সাড়ে পাঁচ হাজার চারা লাগায়।

মেহেরনামা যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. ইসমাইল ও সাধারণ সম্পাদক মো. আব্দুর লতিফ বলেন, অজ্ঞাতকারণে শুক্রবার দিবাগত রাতে শীলখালী ইউনিয়নের হাজীর ঘোনা এলাকার মনু নামের এক ব্যক্তির নেতৃত্বে ১৫-২০ জন দুর্বৃত্ত রাতের আঁধারে সংগঠনের লাগানো প্রায় পাঁচ হাজার গাছের চারা উপড়ে এবং ভেঙে বিনষ্ট করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য রিদুয়ান বলেন, শত্রুতা থাকলে মানুষে মানুষে। কিন্তু গাছের সঙ্গে এ কেমন শত্রুতা। গাছের চারাগুলো লাগানো হয়েছিল এলাকাবাসীর স্বার্থে। এ ব্যাপারে আমি সংগঠনের নেতাদের আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছি।

পেকুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।