বঙ্গবন্ধুর সমাধিতে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন


প্রকাশিত: ১০:৩৩ এএম, ২১ জুলাই ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ শ্রদ্ধা জানাতে ঢাকা থেকে সকালে গোপালগঞ্জ যান। শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা টুঙ্গীপাড়া থেকে বিকেলে ঢাকার পথে রওনা হয়েছেন।

শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, আন্দোলনের নামে বিএনপির হুঁশিয়ারি জনগণ এখন আর বিশ্বাস করেনা। অতীতে তারা আন্দোলন করে ব্যর্থ হয়েছে। জনগণ তাদের সঙ্গে নেই। তারা আবারো ব্যর্থ হবে।

বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী নুরূল ইসলাম বিএসসি বলেন, আমাদের দেশের নারী শ্রমিকদের মধ্যপ্রাচ্যে যাওয়া নিয়ে মিডিয়ায় নেগেটিভ প্রচার রয়েছে। যা শুভকর নয়। আমরা নারী শ্রমিকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি। যাতে নিরাপদে ও সুন্দরভাবে তারা সেখানে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। আর আমরা সে বিষয়ে গুরুত্ব দিচ্ছি।

এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার (এসপি) এস এম এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রুহুল আমীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি নুরুল ইসলাম বিএসসি, তারানা হালিম ও নুরুজ্জামানকে নতুন করে মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। আর আসাদুজ্জামান খান কামাল ও স্থপতি ইয়াফেস ওসমানকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করে মন্ত্রিসভা পুনর্গঠন করে সরকার।

এস এম হুমায়ূন কবীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।