কোটালীপাড়ায় ১০ শিক্ষক বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে ১০ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বলুহার ইসলামিয়া মাদরাসা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন তাদের বহিষ্কার করেন।

বহিষ্কার শিক্ষকরা হলেন- প্রশান্ত বাড়ৈ, মনিরা বেগম, মনির হাওলাদার, কবিতা কীর্ত্তনীয়া, অশোক জয়ধর, শামিম আহমেদ, মহসিন তালুকদার, লায়েকুজ্জামান, নিয়াজ মকদুম ও জয়প্রকাশ বিশ্বাস।

কোটালীপাড়া এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব সুরেশ দাস জানান, ইসলামিয়া মাদরাসা কেন্দ্রে এসএসসির পদার্থ বিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ে পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় পরীক্ষার্থীদের বিভিন্ন সেটের প্রশ্ন বিতরণ করা হয়। কিন্তু পরীক্ষার্থীরা খাতায় একই প্রশ্ন কোড পূরণ করে। ওই কেন্দ্রে দায়িত্বরত ১০ শিক্ষক পরীক্ষার্থীদের প্রশ্ন কোড যাচাই-বাচাই না করে স্বাক্ষর করেন। এতে শিক্ষকরা সঠিক দায়িত্ব পালন না করে অবহেলা করছেন।

তিনি আরও জানান, উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষকদের দায়িত্ব অবহেলার বিষয়টি দেখতে পান। পরে তিনি ওই ১০ শিক্ষককে এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে আজীবন বহিষ্কার করেন। তাৎক্ষণিকভাবে বাইরে থেকে শিক্ষক এনে পরীক্ষা সম্পন্ন করা হয়।

এস এম হুমায়ূন কবীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।