বঙ্গবন্ধুর জন্মদিনে জাতিসংঘের ঘোষণা সবচেয়ে বড় উপহার : আইভী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেধার কারণেই বাংলাদেশ পাকিস্তান থেকে মুক্ত হয়েছে। বঙ্গবন্ধু না থাকলে কখনো আমাদের এ দেশ স্বাধীন হতো না। এখনও পাকিস্তান থাকতো এবং পাকিস্তানের অধীনে আমাদের থাকতে হতো। বঙ্গবন্ধুর কারণে আমরা স্বাধীনতা ও লাল সবুজের পতাকা পেয়েছি।
শনিবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
আইভী আরও বলেন, জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করেছে। বঙ্গবন্ধুর জন্মদিনে এই ঘোষণা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উপহার। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে তারই কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশ আরও এগিয়ে যাবে। একমাত্র শেখ হাসিনাই পারবেন তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে। আর কোনো অশুভ শক্তি ক্ষমতায় এসে যেন দেশকে পিছিয়ে নিতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এ এফ এম এহতেশামুল হক, নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন, কাউন্সিলর কবির হুসাইন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মেয়র বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে মেয়র আইভী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরীর দুই নম্বর রেলগেট জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম