ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২৬ মার্চ ২০১৮

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে ফতুল্লার কাশিপুর মধ্য নরসিংপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিপুর মধ্যনরসিংপুর এলাকার ছমির উদ্দিন কাঁচারুর ছেলে মুসলিম একই এলাকার হাকিমের ছেলে শরীফের কাছে দুই লাখ টাকা পান। সেই পাওনা টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে প্রায় সময় তর্কবিতর্ক হতো। শরীফ ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় মুসলিমের টাকা আস্তে আস্তে পরিশোধ করার কথা জানান। বিষয়টি মুসলিমসহ তার অন্য ভাইয়েরা মানতে নারাজ। সেই সূত্র ধরে সোমবার দুপুরে শরীফকে রাস্তায় একা পেয়ে মুসলিমের লোকজন শরীফকে মারধর করে। খবর পেয়ে শরীফের লোকজন ছুটে আসলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় লাঠিসোটা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে শরীফ, সাইদুর, রুবেল, আলেক চান, মুসলিম, মজিবুর রহমান, আলমগীর খান ও মোকলেস আহত হয়। পরে তারা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই গ্রুপ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।