শিশু সন্তানের সামনে স্ত্রীকে হত্যা : ঘাতক আলামিন গ্রেফতার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দেড় বছরের শিশু সন্তানের সামনে স্ত্রী রিমাকে হত্যার ঘটনায় ঘাতক আলামিনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে সদর উপজেলার আলীরটেকের কুড়েরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলামিন ফতুল্লার কোতালেরবাগ এলাকার মৃত আইছ আলীর ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অটল দাস বিষয়টি নিশ্চিত করে জানান, আলামিন রিমাকে হত্যার পর আত্মগোপনে চলে যান। তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে বার্তা পাঠানোসহ অভিযান শুরু করা হয়। সোমবার বিকেলে আলীরটেকের কুড়েরপাড় এলাকা তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, আলামিনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার রহস্য জানার চেষ্টা করা হচ্ছে।
গত ২৬ মার্চ ফতুল্লার কোতালেরবাগ এলাকায় আলামিন তার দেড় বছরের শিশু সন্তান নাহিদের সামনে স্ত্রী রিমাকে হত্যা করে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যান। হত্যার তিনদিনের মাথায় ২৮ মার্চ বিকেলে নিহতের লাশের দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন ঘরের তালা ভেঙে দেখতে পায় রিমা আক্তারের নিথর দেহ বিছানায় পড়ে আছে। আর তার পাশে দেড় বছরের শিশু মৃত মায়ের আঙ্গুল চুসছে আর কাঁধছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে প্রথমে শিশুটিকে উদ্ধার করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় শুক্রবার রাতে নিহত রিমার মা জোসনা বেগম বাদী হয়ে আলামিনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
শাহাদাত হোসেন/আরএআর/এমএস