কক্সবাজারে বেপরোয়া টমটম ঠেকাতে মাঠে প্রশাসন
বেপরোয়া গতি, অতিরিক্ত যাত্রীবহন ও অবৈধ উপায়ে চলমান ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে মাঠে নেমেছে কক্সবাজার প্রশাসন।
এসব অপরাধ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত চালানো হচ্ছে। প্রাথমিকভাবে জরিমানা ও হুঁশিয়ারি দিয়ে সমস্যা সমাধানে চেষ্টা চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারীরা।
মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া অভিযানে শহরের বিভিন্ন সড়কে আইন অমান্য করে চলা টমটম ধরে জরিমানা আদায় করা হয়েছে। পরবর্তীতে একই অপরাধ করলে স্থায়ীভাবে টমটমটি জব্দ করার হুঁশিয়ারি দেয়া হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কক্সবাজার সার্কেলে মোটরযান পরিদর্শক আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অধিকাংশ টমটম বেপরোয়া গতিতে চলার পাশাপাশি অনেকে লোভে পড়ে সিটের অতিরিক্ত যাত্রী বহন করছে।
এছাড়া অনুমতি ছাড়া শহরে প্রায় কয়েক হাজার টমটম চলছে। আনাড়ি চালকদের কারণে দুর্ঘটনা ঘটছে। এসব কারণে মঙ্গলবার দুপুর থেকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত পিংকির নেতৃত্বে প্রধান সড়কে অভিযান চালানো হয়।
আইন অমান্যের আওতায় পড়া ১৫টি টমটম জব্দ করে প্রধান সড়কের শহীদ দৌলত ময়দানে জমানো হয়। পরে অপরাধ বিবেচনায় বিভিন্ন টমটমকে পৃথকভাবে জরিমানা করা হয়।
অভিযানে পুলিশ, আনসার সদস্য ও প্রশাসনের অন্য সদস্যের পাশাপাশি প্রসিকিউটর হিসেবে দায়িত্বপালন করেন মোটরযান পরিদর্শক আরিফুল ইসলাম।
সায়ীদ আলমগীর/এএম/পিআর