গাড়ি চলে না চলে না রে...
ঢাকা-নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ সড়কের দীর্ঘ ২০ কিলোমিটার রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার যানবাহন আটকে জনসাধারণসহ বিভিন্ন পরিবহনের চালকরা চরম দুর্ভোগে পড়েছেন।
সড়কের কয়েক কিলোমিটারে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সেইসঙ্গে পানি থই থই করছে। যেন পুরোদস্তুর খাল। এক গর্ত থেকে আরেক গর্তে পড়ে গাড়িগুলো উঠতে পারছে না। দেখে মনে হচ্ছে- ‘গাড়ি চলে না চলে না চলে না রে।’
শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলতে দেখা যায়। এতে তিন সড়কে মালবাহী যানবাহনসহ বিভিন্ন ধরনের পরিবহনের লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এদিকে, ফতুল্লার বিসিক শিল্পনগরীতে এশিয়ান টেক্সটাইল ও অবন্তি কালার গার্মেন্টের ময়লার পানি সড়কে এসে জমেছে। সেইসঙ্গে সড়কে বড় বড় গর্তের তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ঢাকা-মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ সড়কের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে এশিয়ান টেক্সটাইল ও অবন্তি কালার গার্মেন্টের সামনের সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে।
সড়কের কয়েকটি স্থানে গভীর গর্ত হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটে ঢাকা থেকে পাগলা সড়ক দিয়ে পঞ্চবটি হয়ে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করতে হাজার হাজার যানবাহন আটকা পড়ে।
এছাড়া পাগলার তালতলা থেকে পঞ্চবটি হয়ে শহরের চাষাঢ়া এবং পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়। সড়কে এসব গর্তের কারণে ঢাকা ও ফতুল্লা থেকে মুন্সিগঞ্জগামী গাড়িগুলো বিসিকের ভেতর দিয়ে ঘুরে শাহি মসজিদের সামনের সড়ক দিয়ে বের হতে হচ্ছে।
আর মুন্সিগঞ্জ থেকে আসা গাড়িগুলো বড় বড় গর্ত দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে। এরপর আবার যানজটের কবলে পড়তে হচ্ছে। তীব্র যানজটের অন্যতম কারণ হিসেবে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশ বিসিক শিল্পনগরীতে অবস্থিত এশিয়ান টেক্সটাইল ও অবন্তি কালার গার্মেন্টের সামনে রাস্তায় বড় বড় গর্তকে দায়ী করছেন।

শাহ সিমেন্ট কোম্পানির গাড়িচালক আহসান উল্লাহ জাগো নিউজকে জানান, বিসিকের সড়কে বড় ধরনের গর্ত হয়ে পানি জমে পুকুরে পরিণত হয়েছে। এতে গাড়ি চালাতে হিমশিম খেতে হচ্ছে। সকালে ঝুঁকি নিয়ে গর্ত পার হয়ে গেলেও পঞ্চবটি গিয়ে যানজটের কবলে পড়তে হচ্চে। একদিন এই সড়কে গাড়ি চালালে পরের দিন সেই গাড়ি গ্যারেজে নিতে হয়। কোম্পানির প্রায় ৫/৬টি গাড়ি বিকল হয়ে গেছে। এভাবে চলতে থাকলে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যাবে।
বিসিকের গার্মেন্ট শ্রমিক সোলয়মান জানান, বিসিকের সড়কে প্রথমে পানি জমে বড় বড় গর্তে পরিণত হয়। গত কয়েক দিনের বৃষ্টিতে পুকুর হয়ে যায়। প্রতিদিন এ সড়কে ছোট বড় দুর্ঘটনা ঘটছে। প্রতিদিন ৪/৫টি গাড়ি গর্তে পড়ে বিকল হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জিয়াউল হক জাগো নিউজকে জানান, ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত এশিয়ান টেক্সটাইল ও অবন্তি কালার গার্মেন্টের সামনের সড়কে ছোট ও বড় বড় গর্ত হয়ে যান চলাচলে ব্যাঘাত ঘটছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ৫/৬টি গাড়ি গর্তে পড়ে বিকল হয়ে যায়। পরে রেকারের মাধ্যমে গাড়িগুলো অন্যত্র সরিয়ে নেয়া হয়। বিসিকের সড়কে বড় বড় গর্তের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, সড়কের সমস্যার কারণে পঞ্চবটি চৌরাস্তার মোড়ে বিভিন্ন সড়কের গাড়ি আটকা পড়ে। গাড়িগুলো কোনো দিকে যেতে পারছে না। এতে করে পাগলা থেকে পঞ্চবটি, পঞ্চবটি থেকে চাষাঢ়া ও পঞ্চবটি থেকে মুক্তাপুর পর্যন্ত যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে গত কয়েক দিন ধরে হিমশিম খেতে হচ্ছে। বিসিকের সামনের সড়ক সংস্কার করা না হলে যানজট কমবে না বলেও জানান তিনি।
শাহাদাত হোসেন/এএম/আরআইপি