দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে: স্পিকার
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সময় দেশে উন্নয়নের যেই অগ্রযাত্রা শুরু হয়েছে সেই অগ্রযাত্রায় দেশবাসী অভিভূত। দেশের সকল ক্ষেত্রে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা কে এম সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসারে দেশের সকল নাগরিকের জন্য শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে শিক্ষিত জাতি গঠনে কাজ করে যাচ্ছে। দেশকে এগিয়ে নিয়ে নিতে সবার আগে প্রয়োজন শিক্ষিত জাতি। যে কারণে সুযোগ্য প্রধানমন্ত্রী শিক্ষাকে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন।
স্পিকার বলেন, তথ্য প্রযুক্তিতে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন এনেছে যার ফলে আমরা এখন ঘরে বসেই বিশ্বের সকল সংবাদ পড়তে পাচ্ছি। নারীরা এখন আর পিছিয়ে নেই, নারীদের জন্য সরকার সব ধরনের সহায়তার ব্যবস্থা করেছে। বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে। দেশের উন্নয়নে নারীরা এখন সমানতালে ভূমিকা রেখে যাচ্ছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফারজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বক্তব্য দেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শাহাদাত হোসেন/আরএ/জেআইএম