সড়কে দেখা মিললো মাছের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:২১ পিএম, ৩০ এপ্রিল ২০১৮

কুমিল্লায় দিনভর বর্ষণ শেষে রাতে জলাশয় ছেড়ে সড়কে ওঠে এসেছে অসংখ্য কৈ মাছ। শহরতলী ও গ্রামগঞ্জের পুকুর-খাল-নালাসহ বিভিন্ন জলাশয় থেকে ডাঙায় ওঠে আসা এসব কৈ মাছ ধরেন মানুষ। এছাড়া ধানি জমিতে লাইট নিয়ে রাতে অনেক স্থানে মাছ ধরেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে শুরু করে রাত অবধি একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল কুমিল্লায়। অতিরিক্ত বর্ষণের ফলে জেলার বিভিন্ন এলাকায় জলাশয় ছেড়ে ডাঙায় ওঠে আসে কৈ মাছ।

কানের ওপর ভর করে সড়কে ওঠে আসা এসব কৈ মাছ দলবেঁধে ধরতে দেখা গেছে মানুষজনকে। বৃষ্টির পানি জমে থাকা ফসলি জমিতেও কৈ, টাকি, শিংসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ধরতে দেখা গেছে লোকজনকে।

অতিরিক্ত বৃষ্টিতে সড়কে ওঠে আসা ২০/২৫টি কৈ মাছ ধরেছেন দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।

তিনি বলেন, রোববার সন্ধ্যার পর থেকেই উপজেলার বিভিন্ন জলাশয় থেকে অসংখ্য কৈ মাছ ডাঙায় ওঠে আসে। আমি প্রায় ২৫টি মাছ কুড়িয়ে পেয়েছি।

এছাড়া উপজেলা সরকারি কোয়ার্টারের আশপাশে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকেও মাছ কুড়াতে দেখা যায়। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জালাল হোসেনকেও মাছ ধরতে দেখা যায়।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।