এ কেমন ইমাম!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ০৭ মে ২০১৮

কুমিল্লার দেবিদ্বারে তৃতীয় শ্রেণির এক শিশু ছাত্রীকে যৌনপীড়নের অভিযোগে নুরুল ইসলাম নামে মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নুরুল ইসলাম জেলার চান্দিনা উপজেলার নলপুনি গ্রামের ধনু মিয়ার ছেলে এবং একই জেলার দেবিদ্বার উপজেলার বরকামতা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।

সোমবার পুলিশের কাছে ও আদালতে অভিযোগের সত্যতা স্বীকার করে জবানবন্দি দেয়ার পর বিকেলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, গত ৪ মে নুরুল ইসলাম (৩০) বরকামতা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হিসেবে যোগ দেন। ৬ মে রোববার সকাল ৬টার দিকে তৃতীয় শ্রেণির ওই ছাত্রী মসজিদের মক্তবে ইমামের কাছে আরবি পড়তে যায়। পরে সাড়ে ৬টার দিকে ওই ইমাম শিশু ছাত্রীকে তার পাশে বসিয়ে যৌন নিপীড়ন করে। এতে ওই ছাত্রী বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের লোকজনকে জানানোর পর ছাত্রীকে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় ছাত্রীর মামা মেহেদী হাসান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোমবার দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, মামলার আসামি মসজিদের ইমাম নুরুল ইসলামকে গ্রেফতারের পর সে ওই ছাত্রীকে যৌনপীড়নের কথা স্বীকার করেছে। বিকেলে তাকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া বেগমের আদালতে পাঠানো হলে সে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

কামাল উদ্দিন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।