মাদকের বিরুদ্ধে ভূমিকা নেই, বেনাপোল থানার পরিদর্শক প্রত্যাহার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১১:০১ এএম, ২৫ মে ২০১৮

মাদকবিরোধী অভিযানে সন্তোষজনক ভূমিকা রাখতে না পারায় বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ আহম্মেদকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ নির্দেশ আসার পর পরই তিনি বেনাপোল পোর্ট থানা থেকে যশোর পুলিশ লাইনে যোগদান করেন।

জানা যায়, বর্তমান সরকার দেশব্যাপী যখন মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে তখন বেনাপোল পোর্ট থানার পুলিশ কোনো মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি। এমনকি মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সখ্যতা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এ কারণে পরিদর্শক (তদন্ত) ফিরোজ আহম্মেদকে থানা থেকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি আর কী বলব? আমার ব্যর্থতার কারণে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বর্তমানে যে অভিযান চলছে তাতে আমার থানা সফলতা অর্জন করতে পারিনি। ওসি স্যার না থাকায় এবং অফিসারের সংখ্যা কম হওয়ায় আমি ব্যর্থ হয়েছি। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় পুলিশ লাইন যোগ দিয়েছি।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জালাল আহম্মেদ জানান, চলমান মাদক বিরোধী অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশের কোনো সফলতা না থাকায় বরং অনেক ক্ষেত্রে নমনীয়তা দেখানোর অভিযোগে ফিরোজ আহম্মেদকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান শারীরিকভাবে অসুস্থ থাকায় পরিদর্শক (তদন্ত) ফিরোজ আহম্মেদ ওই দায়িত্বও পালন করছিলেন।

মো. জামাল হোসেন/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।