শীতলক্ষ্যা নদীতে সাড়ে ৭ হাজার বস্তা সিমেন্টসহ জাহাজডুবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৬ মে ২০১৮

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীতে দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষে সিমেন্টবাহী একটি জাহাজ ডুবে গেছে। এতে জাহাজের বাবুর্চি মিরাজ কাজী নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া জাহাজে সাড়ে ৭ হাজার বস্তা সিমেন্ট ছিল।

শনিবার সকালে বন্দর উপজেলার মদনগঞ্জ বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি ও কয়লাঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মিরাজ কাজীর বাড়ি নড়াইলের কামাল প্রতাপ এলাকায়। এ ব্যাপারে ডুবে যাওয়া জাহাজের ইঞ্জিন মিস্ত্রি সৈয়দ ইমান আলী বাদী হয়ে বন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার আকিজ সিমেন্ট ফ্যাক্টরি থেকে সাড়ে ৭ হাজার বস্তা সিমেন্ট নিয়ে এমভি নেয়ামত শোকরিয়া-২ নামে একটি জাহাজ শনিবার সকালে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। জাহাজটি মদনগঞ্জ বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি ও কয়লাঘাট এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মেসার্স ঢালি এন্টারপ্রাইজের এমভি প্রিন্স লতিফ নামে আকিজ সিমেন্ট ফ্যাক্টরির অপর একটি জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিমেন্টসহ এমভি নেয়ামত শোকরিয়া -২ শীতলক্ষ্যা নদীতে ডুবে যায়। দুর্ঘটনার পর নিখোঁজ হন জাহাজের বাবুর্চি মিরাজ কাজী।

এমভি নেয়ামত শোকরিয়া-২ এর ইঞ্জিন মিস্ত্রি সৈয়দ ইমান আলী জানান, বন্দরের নবীগঞ্জ ফ্যাক্টরি থেকে সিমেন্ট ভর্তি করে যাওয়ার পথে আকিজ সিমেন্ট ফ্যাক্টরিতে আসা অপর একটি খালি জাহাজ তাদের জাহাজকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সিমেন্ট ভর্তি জাহাজটি ডুবে যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।