যশোরে মাদক ব্যবসায়ীদের ‘গোলাগুলিতে’ দুইজন নিহত
যশোরে মাদক ব্যবসায়ীদের কথিত গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর শহরের রায়পাড়া এলাকার মানিক ও মন্ডলগাতি এলাকার আসর আলী। তাদের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। একইসাথে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত দুইজনই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমল হুদা জানান, মঙ্গলবার ভোরে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহত মানিক ও আসর আলী চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ নিহত দুইজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে ৬০০ পিস ইয়াবা, দুটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পার্টি গুলির খোসা উদ্ধার করেছে। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মিলন রহমান/আরএআর/পিআর