টেকনাফে এক সপ্তাহে ৪০ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় গত এক সপ্তাহে মাদকবিরোধী অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মধ্যে অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ। গত শনিবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গত এক সপ্তাহে ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এক অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ১০ মামলায় ১৫ জনকে গ্রেফতার দেখিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। বাকি ২৫ জনকে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, শীর্ষ মাদক ব্যবসায়ী টেকনাফ জালিয়ার পাড়ার মো. জোবাইর, মো. সালমা ও মো. হাসান আলী বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তারা এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হওয়াতে ইয়াবার গডফাদাররা বাড়ি ছেড়ে পালিয়েছে।
তিনি বলেন, যারা ইয়াবার টাকায় রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়েছেন তাদের বাড়ি, গাড়ি ও ব্যাংক ব্যালান্সের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/জেআইএম