১৭ বছর পর হত্যা মামলার প্রধান আসামি কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:০৬ পিএম, ০৩ জুন ২০১৮
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় শিশু রিফা মনি (৫) হত্যাকাণ্ডের ১৭ বছর তিন মাস পর অভিযুক্ত প্রধান আসামি আবদুল মান্নানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তারেক আজিজ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

২০০১ সালের ২ ফেব্রুয়ারি জমির বিরোধের জের ধরে হামলার ঘটনায় উপজেলার বিএম চর ইউনিয়নের বহাদ্দার কাটা এলাকায় প্রকাশ্যে বহুল আলোচিত রিফা মনি হত্যার ঘটনাটি ঘটেছিল। রিফা বিএমচর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (চৌকিদার) আবুল বশরের মেয়ে।

মামলার বাদী রিফা মনির বাবা আবুল বশর জানান, বহাদ্দার কাটা এলাকার ছাবের আহমদের সাথে জায়গাজমির বিরোধ চলে আসছিল তাদের। ওই বিরোধের জের ধরে ২০০১ সালের ২০ ফেব্রুয়ারি আবদুল মান্নান একদল লোক নিয়ে তাদের বাড়িতে হামলা করে। হামলাকারীদের বাধা দিলে তারা আবুল বশরের স্ত্রী আয়াতুন নাহার ও তার ৫ বছরের শিশু কন্যা রিফা মনিকে পিঠিয়ে গুরুতর আহত করে। হামলায় শিশু রিফার মাথার খুলি ফেটে যায়। এতে হাসপাতালে নেয়ার পথে রিফা মনি মারা যায়।

এ ঘটনায় আবুল বশর বাদী হয়ে আবদুল মান্নানকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

মামলার আইনজীবী অ্যাডভোটেক লুৎফুল কবির জানান, রোববার প্রধান অভিযুক্ত আবদুল মান্নান ওই মামলায় জামিন নেয়ার জন্য চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আবেদন করেন। ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।