শিক্ষার্থীদের আন্দোলনে বাম-ডান এসে বিশৃঙ্খলার চেষ্টা করছে
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, ঢাকায় বাসচাপায় দুইজন শিক্ষার্থী মারা যাওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ৩য় পক্ষ বাম-ডান আন্দোলনে এসে বিশৃঙ্খলার চেষ্টা করছে।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি এ কথা বলেন।
জুমার নামাজ শেষে ৩য় দিনের মত নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিভিন্ন ধরনের যানবাহনের গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেয়ে তল্লাশি চালায়। এ সময় কাগজপত্রবিহীন একটি পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহনের চাবি জব্ধ করে শিক্ষার্থীরা। পরে এমপি শামীম ওসমান হাজির হন আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে। তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন। তার আশ্বাসে রাস্তা থেকে সরে যায়।

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে শামীম ওসমান বলেন, আন্দোলন করতে গিয়ে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা-কথা লিখে প্ল্যাকার্ড বানিয়ে সাধারণ শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। আমি জানি সাধারণ শিক্ষার্থীরা কখনো এ ধরনের লেখা লিখে প্ল্যাকার্ড হাতে নিতে পারে না। তারা ভালো পরিবারের সন্তান। তাদের মাথায় কখনো এসব চিন্তা আসতে পারে না।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবি ট্রাফিক ব্যবস্থা ঠিক করাসহ যে সকল সমস্যা আছে আগামী রোববার দুপুর পর্যন্ত ঠিক না হলে রোববার বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে আমি নিজে নামবো। আর কলেজের সামনে রাস্তায় যে ধরনের সমস্যা রয়েছে তার সমাধান করা হবে। চাষাঢ়া ফুটওভার ব্রিজ করার যে দাবি উঠে এসেছে তা সিটি কর্পোরেশনের বিষয়। ফুটওভার ব্রিজ করতে সিটি কর্পোরেশন আমার কাছে সহযোগিতা চাইলে আমি প্রস্তুত আছি।
পরে পুলিশের গাড়িসহ ৩০/৩৫টি জব্দকৃত গাড়ির চাবি নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের কাছে বুঝিয়ে দেয়ার জন্য শামীম ওসমান শিক্ষার্থীদের অনুরোধ করলে শিক্ষার্থীরা তা বুঝিয়ে দেয়।
শাহাদাত হোসেন/আরএআর/এমএস