সিদ্ধিরগঞ্জে দুই ট্রাকের চাপায় হেলপার নিহত, মহাসড়ক অবরোধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৫ আগস্ট ২০১৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোহাগ (২৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। রোববার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ট্রাক টার্মিনালের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কাঁচপুর ব্রিজের পশ্চিমে সিদ্ধিরগঞ্জ ট্রাক টার্মিনালের সামনে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর না করে মহাসড়কে মরদেহ রেখে রাস্তা অবরোধ করে রাখে শিক্ষার্থী ও ট্রাক শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিমরাইল মোড় ট্রাক টার্মিনালের সামনে রোববার দুপুরে দুই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১১-৯৭০২ ও ঢাকা মেট্রো ট-১৪-২৬১০) চাপায় পিষ্ট হয়ে সোহাগ নামে এক ট্রাকের হেলপার নিহত হন। দুপুর ২টায় ওই ঘটনার পর থেকে শ্রমিক ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। বিকেল সাড়ে ৪টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম শিক্ষার্থী ও শ্রমিকদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থী ও শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করে।

বিক্ষুব্দ শ্রমিকদের অভিযোগ, হাইওয়ে পুলিশের ঘুষ বাণিজ্যের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এ মহাসড়ককে হাইওয়ে পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশ দীর্ঘদিন পরিবহনে চাঁদাবাজি করে আসছে।

তবে হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইউম জানান, মদনপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী আহত হয়েছিল। কিন্তু তাকে ঢাকা মেডিকেলে নেয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। একটি লেগুনাকে বুঝিয়ে রাজি করানো হলেও ছাত্র আন্দোলনের কারণে তারা যেতে রাজি হচ্ছিল না। তখন আমাদের একটি টিম স্কট হিসেবে ওই লেগুনার সঙ্গে সিদ্ধিরগঞ্জে যাওয়ার সময় শিমরাইল মোড়ে সড়ক দুর্ঘটনা দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করে। তবে ঘটনার সময়ে কোনো পুলিশ সদস্য আশপাশে ছিল না।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, নিহত সোহাগ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইলোগেট এলাকার জাহাঙ্গীরের ছেলে।

হোসেন চিশতী সিপলু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।