সড়ক সংস্কারের দাবিতে ঝাড়ু মিছিল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন-রূপসী সডকটি সংস্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। রোববার দুপুরে উপজেলার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঝাড়ু মিছিল বের করে তারা।
মিছিল শেষে এক জনসভার আয়োজন করা হয়। এতে বক্তব্যে রাখেন- স্থানীয় বাসিন্দা সাব্বির, সোহান, মোক্তার, জসিম, রাজু, আক্তার, কবির ও নাসির প্রমুখ।
তারা বলেন, রূপসী-কাঞ্চন সড়কটি প্রায় ৮ কিলোমিটার। সড়কের আশপাশে গড়ে উঠেছে অসংখ্য মিল-কারখানা। এই সড়ক দিয়ে ভারি যানবাহন চলাচল থেকে শুরু করে ছোট-বড় গাড়ি চলাচল করে। স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীসহ এলাকাবাসীর একমাত্র চলাচলের পথ এটি। সড়কটির বিভিন্ন জায়গায় শত শত খানাখন্দ। লোক দেখানো মেরামত করা হলেও তা কোনো কাজে আসছে না। দুইদিন পর আবার করুণ অবস্থার সৃষ্টি হয়। বৃষ্টির দিনে হাঁটু পর্যন্ত কাদা জমে আর শুষ্ক মৌসুমে ধুলাবালিতে শ্বাসকষ্টসহ নানা রকম সমস্যা হয়। সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে। অনেক লোক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাই আজ ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা। আমরা চাই সড়কটি দ্রুত সংস্কার করা হোক।
মীর আব্দুল আলীম/এএম/আরআইপি