পুলিশের গাড়িও ছাড়েনি শিক্ষার্থীরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৮ আগস্ট ২০১৮

সারাদেশের মতো দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে চলছে ট্রাফিক সপ্তাহ। পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা যশোর-বেনাপোল মহাসড়কে বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বেনাপোল-যশোর মহাসড়কের দিঘীরপাড় এলাকায় বেনাপোল হাইস্কুল ও মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পুলিশের সঙ্গে যানবাহনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে।

এ সময় দেখা যায়, স্কুলের শিক্ষার্থীরা যশোর থেকে বেনাপোল ও বেনাপোল থেকে যশোর যাতায়াতের সব ধরনের যানবাহন থামায়। পাশাপাশি ওসব গাড়ির ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র চেক করে পুলিশ। যেসব যানবাহনের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে মামলা দেয় বেনাপোল পোর্ট থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ।

jagonews24

এছাড়া শিক্ষার্থীদের যানবাহনের কাগজপত্র পরীক্ষা করতে দেখা গেছে। বাদ পড়েনি সরকারি যানবাহন ও পুলিশের মোটরসাইকেল। প্রতিটি মোটরসাইকেল চালকের কাগজপত্রের সঙ্গে হেলমেট আছে কি-না তাও দেখা হয়।

ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে দেখা হয়। এভাবে অভিযান চললে সরকার রাজস্ব পাবে আর যানবাহনের কাগজপত্রও ঠিক করবে মালিকরা। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রাফিক পুলিশ ও বেনাপোল পোর্ট থানা পুলিশ যৌথভাবে ২৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে। এসব যানবাহনের মধ্যে অধিকাংশ মোটরসাইকেল ও বাস।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সেকেন্ড অফিসার শরীফ হাবিবুর রহমান বলেন, এভাবে এক মাস যানবাহনের কাগজপত্র তল্লাশি করা হবে। এর ফলে যানবাহনের মালিকরা তাদের যানবাহনের কাগজপত্র দ্রুত ঠিক করে সড়কে নামবে।

jagonews24

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম বলেন, পুলিশ কোনো যানবাহনের চালক ও মালিককে হয়রানি না করে তাদের কাগজপত্র ঠিক আছে কি-না তা পরীক্ষা করে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। ফলে অবৈধ যানবাহনের সংখ্যা কমে আসবে।

মো. জামাল হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।