পাওনা টাকা চাওয়ায় কুকুর লেলিয়ে দিলো বাড়িওয়ালার ছেলে
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাওনা টাকা চাওয়ায় কুকুর লেলিয়ে দিয়ে রিকশাচালক আব্দুর রাজ্জাককে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার এ ঘটনায় আব্দুর রাজ্জাক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় জামতলা এলাকার বাড়িওয়ালার ছেলে মাহমুদুর রহমান রুপু ও বাড়ির প্রহরী মহিউদ্দিনসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মামলা করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজ্জাক সপরিবারে জামতলা এলাকায় বসবাস করে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ৬৭/৩ নিউ চাষাঢ়া জামতলা এলাকার আব্দুর রহিমের বাড়ির প্রহরী মহিউদ্দিন দুই মাস আগে রাজ্জাকের কাছ থেকে ৭ হাজার টাকা লোন নেন।
গত ৩ আগস্ট রাত সাড়ে ১০টায় আব্দুর রহিমের বাড়িতে ডেকে এনে তার কাছে কোনো টাকা পাবে না বলে রাজ্জাককে জানান মহিউদ্দিন। তখন প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিলঘুষি মেরে রাজ্জাককে জখম করেন।
এরপর বাড়িওয়ালা আবদুর রহিমের ছেলে মাহমুদুর রহমান রুপুসহ আরও ২-৩ জনের সহযোগিতায় রাজ্জাককে টেনেহিঁচড়ে বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানে হত্যার উদ্দেশ্যে দুটি পালিত কুকুরের খাঁচার ভেতরে রাজ্জাককে ঢুকিয়ে দেয়া হয়।
কুকুর দুটি রাজ্জাকের শরীরের বিভিন্ন স্থান কামড়ে ও আঁচড়ে ক্ষতবিক্ষত করে। আহতাবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই একটি প্রভাবশালী মহলের হুমকির কারণে রিকশাচালক আব্দুর রাজ্জাক ভীত হয়ে পড়েন। বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর গত ৫ আগস্ট প্রভাবশালী মহলটি হত্যা চেষ্টাকারী মাহবুবুর রহমান রুপুকে দিয়ে পুলিশ সুপারের কাছে রাজ্জাককে চোর আখ্যা দিয়ে উল্টো তার বিরুদ্ধে চুরির অভিযোগ করেন।
ফতুল্লা থানার পুলিশ আহত রাজ্জাককে থানায় এসে মামলা দিতে বললেও অসুস্থতা ও নিরাপত্তাহীনতার আশঙ্কায় মামলা দায়ের থেকে বিরত থাকেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি মঞ্জুর কাদের বলেন, নিরাপত্তার আশ্বাস দেয়ায় রাজ্জাক মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
এএম/আরআইপি