টুঙ্গিপাড়ায় ৪০ হাজার মানুষের মেজবান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১৪ আগস্ট ২০১৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের ব্যবস্থা করা হয়েছে।

প্রয়াত চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে প্রতিবারের মতো এবারও আগামীকাল বুধবার টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হবে।

এবারের আয়োজনে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় ও কলেজ মাঠে ৩০ হাজার মুসলিম ও বালাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১০ হাজার সনাতন ধর্মাবলম্বীদের জন্য মেজবানের ব্যবস্থা করা হয়েছে।

tongi-file1

মেজবানে ৪০ হাজারের বেশি মানুষকে আপ্যায়ন করা হবে। এ জন্য ৩৫টি গরু ও ৩ হাজার মুরগি কেনা হয়েছে। ইতোমধ্যে টুঙ্গিপাড়ায় মেজবানের অগ্রবর্তী দল পৌঁছে গেছেন।

টুঙ্গিপাড়ায় অবস্থানরত অগ্রবর্তী দলের সমন্বয়কারী ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর একান্ত সচিব মুহাম্মদ ওসমান গণি জানিয়েছেন, প্রয়াত চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর কনিষ্ঠপুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন মেজবান আয়োজনের তত্ত্বাবধান করছেন। সঙ্গে রয়েছেন বাবুর্চি মোহাম্মদ হোসেন। ইতোমধ্যে মেজবান আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেজবানের জন্য বিশাল আকৃতির দুটি প্যান্ডেল, রান্নার জন্য চুলাসহ সব কিছুর আয়োজন করা হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে খাওয়া-দাওয়া শুরু হবে। চলবে সন্ধ্যা পর্যন্ত।

এস এম হুমায়ূন কবীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।