সাধারণ সাজে কোটি টাকার ঝলক, রিসেপশনে তাক লাগালেন বিজয় ও রাশমিকা
দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা আর রাশমিকার মান্দানার বিয়ের চর্চা যেন যেন থামছেই না। ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে তাদের রাজকীয় বিয়ের আয়োজনের রেশ কাটতে না কাটতেই ৪ মার্চ হায়দরাবাদে বসেছিল তাদের জমকালো রিসেপশন। তবে ভক্তরা যতটা জাঁকজমকপূর্ণ সাজের আশা করেছিলেন, এই জুটি হাজির হলেন ঠিক তার উল্টো এক সাদামাঠা ঐতিহ্যবাহী সাজে। আর সেই ‘সাধারণ’ সাজের খরচ শুনলেই চোখ কপালে ওঠার মতো।
রিসেপশনের সন্ধ্যায় রাশমিকার পরনে ছিল লাল রঙের ঐতিহ্যবাহী মাইসোর সিল্ক শাড়ি। প্রথম দেখায় এটি খুব সাধারণ সাবেকি শাড়ি মনে হলেও ভালোভাবে দেখলে বোঝা যায় এর সূক্ষ্ম কারুকাজ। শাড়ির কালচে খয়েরি পাড়জুড়ে ছিল সোনালি জরির নিখুঁত কাজ, যার সঙ্গে যোগ করা হয়েছিল হাতে বোনা জরির লেস।
পুরো শাড়িতে চুমকির কাজ এমনভাবে বসানো হয়েছিল যে আলো পড়লেই তা সোনার মতো ঝলমল করছিল। পাড়জুড়ে মুদ্রার মোটিফ আর ক্ষুদ্র সোনালি পুঁতির কাজ শাড়িটিকে আরও রাজকীয় করে তুলেছিল।

শাড়ির সঙ্গে মিলিয়ে রাশমিকা বেছে নিয়েছিলেন ঐতিহ্যবাহী টেম্পল জুয়েলারি। গলায় চোকার, কানে চাঁদবালি, কোমরে কোমর বিছা-সব মিলিয়ে তার সাজ ছিল একেবারে দক্ষিণ ভারতীয় ঐতিহ্যের ছোঁয়ায় ভরা। চুলে গুঁজে নেওয়া লাল ফুল তার লুককে আরও পরিপূর্ণ করে তুলেছিল।

অন্যদিকে বিজয় দেবরাকোন্ডা বরাবরই ছক ভাঙতে পছন্দ করেন। রিসেপশনে তিনি বেছে নিয়েছিলেন দক্ষিণ ভারতীয় ধাঁচের খাটো ঝুলের কুর্তা ও মুন্ডু (ভেস্তি)। দুধ সাদা সিল্কের পোশাকে সিলভার জরির সরু পাড় ছাড়া তেমন কোনো বাড়তি নকশা ছিল না। তবে তার সাজের আসল চমক ছিল গয়নায়।

বিজয়ের গলায় থাকা বিছে হার এবং হাতে থাকা রিস্টলেট বাইরে থেকে রুপালি দেখালেও সেগুলো আসলে তৈরি ছিল মহার্ঘ্য হোয়াইট গোল্ড দিয়ে। তার বাঁ হাতে থাকা সরু ব্যান্ডের ঘড়িটিও ছিল অত্যন্ত দামি এবং নজরকাড়া।
তাদের সাজ বাইরে থেকে যতই সাদামাঠা মনে হোক না কেন, এর পেছনে ছিল বিপুল অঙ্কের বিনিয়োগ। হায়দরাবাদের একটি অভিজাত জুয়েলারি প্রতিষ্ঠান প্রায় ১০ মাস ধরে রাশমিকার গয়নাগুলো কাস্টমাইজ করে তৈরি করেছে। যদিও রিসেপশনে তিনি তুলনামূলক কম গয়না পরেছিলেন, তবুও এই বিশেষ টেম্পল জুয়েলারি সেটের আনুমানিক বাজারমূল্য ধরা হচ্ছে প্রায় ৩ থেকে ৫ কোটি টাকা।

বিজয় ও রাশমিকা যেন নতুন করে প্রমাণ করলেন-আভিজাত্য মানেই সবসময় ভারী গয়না বা ঝলমলে পোশাক নয়। কখনো কখনো ঐতিহ্যকে সঠিকভাবে বহন করতে পারলেই সাদামাঠা সাজেও তৈরি করা যায় অনন্য এক স্টাইল স্টেটমেন্ট। আর নিজেদের দক্ষিণ ভারতীয় সংস্কৃতিকে এইভাবে তুলে ধরায় ভক্তদের মনও জয় করেছেন এই জনপ্রিয় জুটি।
সূত্র: এনডিটিভি ও অন্যান্য
আরও পড়ুন:
প্যাস্টেল জাদুতে মোড়া জাহ্নবী
কালো-লালে রাকুলের রাজকীয় রূপ
এসএকেওয়াই