কুমিল্লায় সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮
প্রতীকী ছবি

কুমিল্লায় পূর্ব বিরোধের জের ধরে সহিদ মিয়া নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোড়ামেহের গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোড়ামেহের গ্রামের মনতাজ আলীর ছেলে সহিদ মিয়া মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছামাত্রই একই গ্রামের মৃত কমর আলীর ছেলে রিপন ও সঙ্গীয়রা তাকে উপর্যুপরি কুপিয়ে আহত করেন।

এ সময় সহিদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সহিদ মিয়ার মেয়ে নারগিছ আক্তার জানান, প্রতিবেশী মাহবুব বিভিন্ন সময় তার বাবাকে প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে আসছিল। ওই বিরোধের জের ধরে মাহবুব ও তার ভাই রিপন তাকে কুপিয়ে হত্যা করেছে।

কোতয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।