চলে গেল ঝোপে পাওয়া সেই নবজাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮

কুমিল্লায় নাকে-মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় সড়কের পাশের ঝোপের ভেতর থেকে উদ্ধার হওয়া সেই নবজাতকটি মারা গেছে।

মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সে। গত ৬ সেপ্টেম্বর কুমিল্লা-নোয়াখালী সড়কের লাকসামের ভাটিয়াভিটা এলাকার একটি ঝোপের ভেতর থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছিল। পরে ওই গ্রামের মেহেদী হাসান ও জহুরা বেগম দম্পতি তার দেখভালের দায়িত্ব নেন। নবজাতক কন্যার নাম রাখা হয়েছিল জান্নাতুল মাওয়া।

বিষয়টি নিশ্চিত করে মাওয়ার পালক পিতা মেহেদী হাসান বলেন, ঝোপের ভেতর থেকে উদ্ধারের পরই আমার স্ত্রীর অনুরোধে তাকে দেখভালের দায়িত্ব নিয়েছিলাম। মসজিদের ইমাম সাহেবসহ এলাকার মুরুব্বিদের নিয়ে তার নাম রেখেছিলাম জান্নাতুল মাওয়া। কিন্তু সে হঠাৎ করে এভাবে চলে যাবে ভাবতে পারিনি।

গত ৬ সেপ্টেম্বর কুমিল্লা-নোয়াখালী সড়কের লাকসামের ভাটিয়াভিটা এলাকার একটি ঝোপের ভেতর থেকে নাকে-মুখে স্কসটেপ পেঁচানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারের সময় তার বাঁ পায়ে কিছুটা ক্ষত চিহ্ন ছিল। পরে তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল।

ওইদিনই দুপুরে লাকসাম উপজেলার ভাটিয়াভিটা গ্রামের মৃত জহিরুল হকের ছেলে মেহেদী হাসান এবং মেহেদীর স্ত্রী জহুরা আক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসে জানান, তারা নবজাতকটির দেখভালের দায়িত্ব নিতে চান। পরে জেলা সমাজসেবা অধিদফতরের মাধ্যমে সকল আইনি প্রক্রিয়া শেষে মেহেদী-জহুরা দম্পতির কোলে নবজাতকটিকে তুলে দেয়া হয়।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।