সম্মিলিত প্রচেষ্টায় রাজস্ব আয় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান


প্রকাশিত: ০২:০৯ পিএম, ১২ আগস্ট ২০১৫

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজস্ব আয় বাড়াতে হবে। আর এজন্য বিভিন্ন কাস্টমস হাউজে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে। বুধবার দুপুরে বেনাপোল কাস্টম ক্লাব অডিটোরিয়ামে জাতীয় রাজস্ব বোর্ড ও বেনাপোল কাস্টম হাউজের আয়োজনে এক রাজস্ব সংলাপ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তবে সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে। বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরকে একটি আন্তর্জাতিক মানের কাস্টম হাউজ ও বন্দরে পরিণত করা হবে। আগামী এক মাসের মধ্যে বেনাপোলে ক্লিয়ারিং হাউজ স্থাপন করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। গত অর্থবছরে বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব মূল লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অভিনন্দন জানান। এছাড়া আমদানি-রফতানির বিভিন্ন সমস্যা ও তার সমাধান করে কি ভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব তা নিয়ে আলোচনা করেন।  

তিনি আরো বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা। আর সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ থাকবে ধনী দেশের তালিকায়। আর এ লক্ষ্যে পৌঁছাতে হলে বিদেশিদের সাহায্যের দিকে তাকিয়ে থাকলে হবে না। নিজেদের অভ্যন্তরীণ রাজস্ব আহরণ থেকে দেশকে উন্নয়নের শিখরে নিতে হবে। মুক্ত রাজস্ব সংলাপে ব্যবসায়ী ও

সিঅ্যান্ডএফ এজেন্টগণ তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এ সকল সমস্যা সমাধানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে বলে জানান।   

বেনাপোল কাস্টম হাউজের কমিশনার এ এফ এম আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ শহীদুল ইসলাম, পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকরামুল হাবিব, যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. জামাল হোসেন, যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেন,

ভারত-বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্সের আমদানি-রফতানি সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী হাবিবুর রহমান, আব্দুল লতিফ প্রমুখ। সভা পরিচালনা করেন বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার এবিএম শফিকুর রহমান।

অনুষ্ঠানে বেনাপোলের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ বেনাপোল কাস্টম হাউজের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের উপস্থিতিতে মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতীয় শোক দিবসকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বিকেলে তিনি বেনাপোল কাস্টম হাউজে কাস্টম কর্মকর্তা কর্মচারী ও সিঅ্যান্ডএফ এজেন্টের সঙ্গে এক বৈঠকে যোগ দেন। পরে তিনি কাস্টম হাউজে কয়েকটি গাছের চারা রোপণ করেন।   

মো. জামাল হোসেন/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।