কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৩ অক্টোবর ২০১৮
ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী নৈশ কোচে আগুন দিয়ে ঘুমন্ত ৮ যাত্রী হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার হত্যা মামলাটির দুই দফা শুনানি শেষে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নং আমলি আদালতের বিচারক বিল্পব চন্দ্র দেবনাথ এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

কাইমুল হক রিংকু বলেন, এর আগে গত ১২, ২০ এবং ৩০ সেপ্টেম্বর মামলাটির শুনানির তারিখ ধার্য থাকলেও অধিকতর শুনানির জন্য দফায় দফায় মামলার জামিন আবেদন পিছিয়ে যায়। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত পূর্বে দফায় দফায় জামিন শুনানি পিছিয়ে দিয়ে খালেদা জিয়াকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করছে। আমরা আদালতের চাহিদা অনুযায়ী সমস্ত কাগজপত্র আজকে প্রদান করলেও আজ দুই দফা শুনানি শেষে খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। আমরা ন্যায় বিচার পাইনি। জামিন পেতে আমরা উচ্চ আদালতে আপিল করব।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি নৈশ কোচে পেট্রল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

কামাল উদ্দিন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।