বিশ্ব মনোবিজ্ঞানী সম্মেলনে যাচ্ছেন বাংলাদেশের দুই চিকিৎসক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৪ অক্টোবর ২০১৮

চলতি মাসের ১৮ এবং ১৯ তারিখে জাপানের টোকিওতে আন্তর্জাতিক সাইকিয়াট্রি অ্যান্ড সাইকিয়াট্রিক ডিসওর্ডার কংগ্রেস অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ‘কী নোট স্পিকার’ হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের দুই মনোরোগ বিশেষজ্ঞ।

তারা হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ডা. মোহাম্মদ সাঈদ এনাম এবং গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ জোবায়ের মিয়া।

জাপানে আয়োজিত এই সম্মেলনের আয়োজক এলাইড একাডেমি স্কলার্স। এলাইড একাডেমি সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে নানান মেডিকেল বিষয়ে অভিজ্ঞ স্কলারদের নিয়ে প্রতিবছর এ রকম ইন্টারন্যাশনাল কংগ্রেসের আয়োজন করে থাকে। এই বছর এটি ১৯তম আসর।

ডা. সাঈদ এনাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, আমি এই অনুষ্ঠানে ব্রেইন স্ট্রোক অ্যান্ড ডিপ্রেশন নিয়ে আমার গবেষণা তুলে ধরব। দেশবাসীর কাছে আমি দোয়াপ্রার্থী যেনো দেশের সম্মান বয়ে আনতে পারি।

ডা. সাঈদ এনাম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন এবং এর পাশাপাশি তিনি বিভিন্ন গণমাধমে লেখালেখি করে আসছেন দীর্ঘদিন যাবৎ। তিনি ইউরোপিয়ান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের একজন মেম্বার। ২০০২ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করেন। পরে তিনি সাইকিয়াট্রি বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

এই সম্মেলনে যোগদানকারী অন্য চিকিৎসক ডা. জোবায়ের মিয়া এপিলেপ্সী বা মৃগী রোগ বিষয়ে তার গবেষণা বিশ্ব মনোবিজ্ঞানীদের এ আসরে তুলে ধরবেন।

রিপন দে/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।