‘আগামীতে রাজাকারমুক্ত সংসদ চাই’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২২ অক্টোবর ২০১৮

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, আমরা আগামীতে রাজকারমুক্ত জাতীয় সংসদ দেখতে চাই। এ সময় তিনি আগামী জাতীয় সংসদে যাতে কোনো রাজাকার, রাজাকারের পরিবারের সদস্য, জামায়াত-বিএনপি ঘেষা, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে যাদের অবস্থান তারা যেন স্থান না পায় সেজন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখারি আয়োজনে ‘আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব’এই স্লোগানে সোমবার সকালে নাটোর শহরের আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বুকে লালন পালন করেন তারাই দেশের আসল মা। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসীদের ভোট দিলে দেশ ভালো থাকবে। মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে যাদের অবস্থান তারা কখনও দেশের উন্নতি করতে পারে না।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নাটোর জেলা শাখার সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মালেক শেখের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নিরাপত্তা বিশ্লেষক ও উপদেষ্টা জেনারেল আবদুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

রেজাউল করিম রেজা/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।