পোশাক শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:০১ পিএম, ২৩ অক্টোবর ২০১৮

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রফতানিমুখী পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা মঙ্গলবার সকালে প্রায় দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে শত শত যানবাহন আটকা পড়ে মহাসড়কের ১৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার সকালে রূপগঞ্জের বরপা এলাকার অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং ও অন্তিম নিট কম্পোজিট পোশাক কারখানার সামনে ঘটে এ ঘটনা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বরপা এলাকার ওই পোশাক কারখানায় প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করেন। কারখানায় গার্মেন্টস সেকশন, নিটিং সেকশন, ডাইং সেকশন ও প্রিন্টিং সেকশন রয়েছে। এর মধ্যে নিটিং সেকশন, ডাইং সেকশন ও প্রিন্টিং সেকশনে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন।

প্রতি মাসের ৮-১০ তারিখের মধ্যে সব সেকশনের বেতন-ভাতা পরিশোধ করার কথা থাকলেও গত মাসে শুধু গার্মেন্টস সেকশনে বেতনভাতা পরিশোধ করেছেন মালিকপক্ষ।

এছাড়া নিটিং সেকশন, ডাইং সেকশন ও প্রিন্টিং সেকশনের বেতন-ভাতা পরিশোধ করেননি। এ নিয়ে কয়েকদিন ধরেই শ্রমিকরা মালিকপক্ষের কাছে তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার দাবি জানিয়ে আসছেন। মালিকপক্ষ দেই-দিচ্ছি করে কালক্ষেপণ করছেন।

rupgonj-photo

এরই মধ্যে বেতন-ভাতা পরিশোধ না করে গত শনিবার ও রোববার ওই তিন সেকশনের শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়। সোমবার বেতন-ভাতা পরিশোধ করার আশ্বাস দিলেও তা পরিশোধ করেননি মালিকপক্ষ।

ফলে বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার সকাল ৮টার দিকে কারখানার সামনে অবস্থান করেন শ্রমিকরা। এ সময় গার্মেন্টস সেকশনের শ্রমিকদেরও কারখানায় প্রবেশ বন্ধ করে দেয়া হয়।

পরে সকাল সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় দুই ঘণ্টা অবরোধের ফলে সড়কের উভয় দিকে শত শত ছোট-বড় যানবাহন আটকা পড়ে প্রায় ১৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে অ্যাম্বুলেন্সও আটকা পড়ে। ভোগান্তির শিকার হয়ে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যান।

খবর পেয়ে জেলা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি জাহিদুল ইসলাম ও এএসপি জিনিয়ার নেতৃত্বে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি দল মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন।

পরে কারখানার পরিচালক দেলোয়ার হোসেনসহ মালিকপক্ষ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে শর্ত-সাপেক্ষে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

জেলা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি জাহিদুল ইসলাম বলেন, আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। মালিকপক্ষ কথা দিয়েছেন মঙ্গলবার সন্ধ্যার মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করবেন। তাই অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

মীর আব্দুল আলীম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।