ফতুল্লায় পোশাক শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ-ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রফতানিমুখী পোশাক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে জাকিউল হোসেন ওরফে জাকির (২৮) নামের এক সুপারভাইজারের মৃত্যুকে কেন্দ্র করে সড়ক অবরোধ ও কারখানায় ভাঙচুর চালিয়েছেন শ্রমিকরা।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি শান্ত করতে চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে প্রায় আধাঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফেম অ্যাপারেলস পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। পরে বিসিক শিল্পনগরীর সব কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, বিসিকের ফেম অ্যাপারেলসের একটি ফ্লোরে মেশিনের বৈদ্যুতিক ত্রুটি থাকা সত্ত্বেও মালিকপক্ষ তা মেরামত করেনি। মঙ্গলবার সকালে এক অপারেটর মেশিনে বসে ত্রুটি দেখে সুপারভাইজারকে বলেন। তিনি মেশিনে বসে ত্রুটি দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

দুর্ঘটনার পর কারখানার শ্রমিকরা ছুটি চাইলে মালিকপক্ষ দিতে অনীহা প্রকাশ করেন। এ নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করে কারখানায় ভাঙচুর চালান। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

ফতুল্লা মডেল থানা পুলিশেল ইন্সপেক্টর (তদন্ত) শাহজালাল বলেন, শ্রমিকের মৃত্যুর পর তারা ছুটি চাইলে মালিকপক্ষ অনীহা প্রকাশ করে। এ নিয়ে বাকবিতণ্ডা ঘটে। পরে শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এছাড়া বিক্ষুব্ধ শ্রমিকরা বিসিকের কয়েকটি কারখানায় ভাঙচুর করে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

মো. শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।