রূপগঞ্জে যুবলীগ নেতা অপহরণ, মহাসড়ক অবরোধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:১৮ এএম, ২৫ অক্টোবর ২০১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সফিকুর রহমান বাদলকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বাদলকে উদ্ধারের দাবিতে বুধবার সন্ধ্যার পর উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। এতে প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধের ফলে দুই মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

এর আগে বুধবার দুপুরে উপজেলার বড়ালু-পাড়াগাঁও এলাকা থেকে ওই নেতাকে অপহরণ করা হয়। সফিকুর রহমান বাদল ইছাখালী এলাকার হাবিবুর রহমান ভুইয়ার ছেলে।

উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন জানান, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সফিকুর রহমান বাদলকে বুধবার দুপুরে একটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। এরপর প্রশাসনের বিভিন্ন দফতরসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, সফিকুর রহমান বাদলকে কারা অপহরণ করে নিয়ে গেছে তার সুর্নিদিষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। বাদলকে উদ্ধারের চেষ্টা চলছে।

মীর আব্দুল আলীম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।