ভোট গণনা পর্যন্ত কেন্দ্র পাহারা দিন : মোশাররফ
এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে চরম শঙ্কা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১ ও ২ আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষ প্রতীকের সরকার ক্ষমতায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে জনগণ। ভোট দেয়ার পর তা গণনা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিন।
বুধবার কুমিল্লা-১ আসনের দাউদকান্দি উত্তর ইউনিয়নে গণসংযোগে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন বিএনপির প্রার্থী খন্দকার মোশাররফ। সকাল থেকে বিকেল পর্যন্ত কদমতলী, নন্দনপুর, বাজরা, বাহেরচর, হাসনাবাদ (উত্তর) বাজার, হাসনাবাদ ভিটিকান্দি বাজার, চরচারুয়া, গঙ্গাপ্রসাদ, গোলাপের চর ও চেঙ্গাকান্দিতে পথসভায় করেন তিনি।
খন্দকার মোশাররফ বলেন, সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা জরুরি। অথচ তা এখনো তৈরি হয়নি। সরকারি দলের এমপি-নেতাদের নির্দেশে প্রশাসন চলছে। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা বাড়ছে। অবিলম্বে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি আমরা।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে এখন প্রবল জনস্রোত বহমান। এ জনস্রোতের ব্যালট বিপ্লবে সরকারের সব কূটকৌশল ভেসে যাবে। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও ধানের শীষ জনগণের নির্ভরতার প্রতীক। দেশের সকল শ্রেণি-পেশার মানুষ এখন ধানের শীষে ঐক্যবদ্ধ হয়েছে। কাজেই ধানের শীষের বিজয় নিশ্চিত।
মো. কামাল উদ্দিন/এএম/এমএস