কুমিল্লায় বিএনপি প্রার্থী মুজিবুলের গাড়িবহরে হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির প্রার্থী কে এম মুজিবুল হকের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

এ সময় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। হামলার ছবি তোলার সময় দুই সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়েছে ছাত্রলীগ কর্মীরা।

আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী কেএম মুজিবুল হক।

হামলার পর উপজেলা সদরের নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী কেএম মুজিবুল হক অভিযোগ করেন, শুক্রবার তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গাড়িবহর নিয়ে উপজেলার ইলিয়টগঞ্জ-মুরাদনগর সড়ক দিয়ে উপজেলা সদরে আসেন। বিকেল ৫টার দিকে গাড়িবহর উপজেলা সদরে সামনে পৌঁছার পর আকস্মিক আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা লাঠিসোটা, ইটপাটকেল ও ধারালো অস্ত্র নিয়ে গাড়িবহরে হামলা চালায়। এ সময় উভয় গ্রু ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। ইটপাটকেলের আঘাতে বিএনপির পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মঞ্জুর আলম জানান, উপজেলা সদরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকার পরও উভয় গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন জানান, যারা হামলা করেছে তারা আওয়ামী লীগের কেউ না, বহিরাগত কেউ হতে পারে।

কামাল উদ্দিন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।